উল্লাপাড়
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি :
চাঁদাবাজি মামলায় সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মো. আজাদ হোসেনসহ ৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (২৬ জুলাই) গভীর রাতে উল্লাপাড়া পৌর শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, উল্লাপাড়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও সাবেক সাধারণ সম্পাদক মো. আজাদ হোসেন, উপজেলা শ্রমিকদলের সহ-সভাপতি মনতাজ আলী, যুবদল নেতা আশিক, রবিউল ইসলাম, শাহাদত হোসেন ও বিএনপি কর্মী আব্দুল মোমিন।
উল্লেখ্য, আজাদ হোসেন সিরাজগঞ্জ-৪ আসনে সংসদ সদস্য পদে বিএনপির মনোনয়ন চেয়ে বঞ্চিত হন। বর্তমানে তিনি উল্লাপাড়া পৌরসভার মেয়র পদে প্রার্থীতা ঘোষণা করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, পঞ্চক্রোশী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবং উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক জাহিদুল ইসলাম মিস্টারের ওপর হামলা ও মারধরের অভিযোগে গত ২৫ জুলাই থানায় মামলা দায়ের করেন। একই দিন মাটিকোড়া গ্রামের আলমগীর হোসেন বাদী হয়ে আজাদ হোসেন ও তার সহযোগীদের বিরুদ্ধে চাঁদাবাজি মামলা দায়ের করেন। এসব মামলায় উল্লাপাড়া থানা পুলিশ রবিবার গভীর রাতে তাদের গ্রেপ্তার করে।
উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফাত্তাহ মো. মনিরুজ্জামান মন্ডল জানান, মারপিট ও চাঁদাবাজির দুটি মামলায় আজাদ হোসেনসহ ৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।