নেত্রকোনা প্রতিনিধি
নেত্রকোনার আটপাড়ায় মগড়া নদী থেকে অমিত (৯) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা। মঙ্গলবার সকালে নদীতে মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা তা উদ্ধার করেন।
নিহত অমিত উপজেলার সোনাজুর গ্রামের প্রণয়ের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যা থেকে অমিত নিখোঁজ ছিল। পরে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি।
স্থানীয়দের ধারণা, সোমবার সন্ধ্যায় অমিত একটি নৌকায় উঠেছিল। এ সময় অসাবধানতাবশত সে নদীতে পড়ে যায়। এরপর থেকেই সে নিখোঁজ ছিল।
মঙ্গলবার সকালে মগড়া নদীতে তার মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা উদ্ধার করে পরিবারের সদস্যদের খবর দেন।
আটপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জুবায়দুল আলম বলেন, ‘শিশুটির মরদেহ উদ্ধারের খবর পেয়েছি। এ ঘটনায় একটি ইউডি (অস্বাভাবিক মৃত্যু) মামলার আবেদন দিতে বলা হয়েছে।’
পুলিশ ঘটনাটি খতিয়ে দেখছে।