বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের সাথে থাকার জন্য আপনাকে অভিনন্দন : আপনার এলাকার উন্নয়ন অনিয়ম, অপরাধ, শিক্ষা শিল্প- সংস্কৃতি , ইতিহাস- ঐহিত্য , অবহেলা-অবিচারসহ প্রয়োজনীয় সঠিক তথ্য টিত্র পাঠান। আমরা যাচাই-বাছাই করে তাহা গুরুত্বসহকারে প্রচার করব।  

পাবনার সাঁথিয়ায় বিএনপি-জামায়াত মুখোমুখি: পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে তীব্র উত্তেজনা

রিপোটারের নাম : / ৬ ১৩৫ বার পড়া হয়েছে :
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

পাবনা প্রতিনিধি

পাবনার সাঁথিয়া উপজেলায় মসজিদে জুম্মার নামাজের ইমামতিকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মুখোমুখি অবস্থানে চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এর জেরে মঙ্গলবার (২৮ জুলাই) রাতে বিএনপির একটি বিক্ষোভ মিছিল নির্ধারিত রুট পরিবর্তন করে সংক্ষিপ্ত পথসভার মাধ্যমে শেষ করতে হয়েছে।

রাত ৮টার দিকে সাঁথিয়া পৌর এলাকার ‘তিন মাথার মোড়ে’ এ ঘটনা ঘটে। সংঘাত এড়াতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার সাঁথিয়া পৌর এলাকার আফতাবনগর জামে মসজিদে জুম্মার নামাজে ইমামতি করা নিয়ে বিতর্ক তৈরি হয়। সেখানে জামায়াতের সাবেক আমির মতিউর রহমান নিজামীর ছেলে ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন ইমামতি করতে চাইলে স্থানীয় বিএনপি সমর্থকরা আপত্তি জানান। এ নিয়ে দুই পক্ষের অনুসারীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।

উক্ত ঘটনার জেরে মঙ্গলবার দুপুরে সংবাদ সম্মেলন করে বিএনপি। সংবাদ সম্মেলনে নাজিবুর রহমান মোমেনের বিরুদ্ধে ধর্মীয় প্রতিষ্ঠানকে ব্যবহার করে রাজনৈতিক আধিপত্য বিস্তার ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টির অভিযোগ আনা হয়। এর প্রতিবাদে বিকেলে পৌর শহরে বিক্ষোভ মিছিল করে জামায়াতের কর্মী-সমর্থকরা।

পরবর্তীতে সন্ধ্যায় পাল্টা কর্মসূচি হিসেবে মিছিল বের করে বিএনপি। পৌনে আটটার দিকে দলীয় পৌর কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে তিন মাথার মোড়ে পৌঁছালে সেখানে আগেই অবস্থান নেওয়া জামায়াত নেতাকর্মীদের সঙ্গে বাকবিতণ্ডা ও উত্তেজনা দেখা দেয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দু’পক্ষের মাঝে অবস্থান নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে বিএনপির মিছিলটি পৌর সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ না করে উপজেলা চত্বর হয়ে জুলকারনাইন চত্বরে গিয়ে সংক্ষিপ্ত পথসভার মাধ্যমে শেষ হয়।

বর্তমানে পৌর সদরে থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং থমথমে ভাব দেখে ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে দিয়েছেন।

পৌর বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম মল্লিক বলেন, “আমাদের সংবাদ সম্মেলনের প্রতিবাদে জামায়াত মিছিল করায় আমরা সন্ধ্যায় পাল্টা কর্মসূচির আয়োজন করি। কিন্তু জামায়াত-শিবিরের সন্ত্রাসীরা অস্ত্রশস্ত্র নিয়ে আমাদের ওপর হামলার জন্য মোড়ে অবস্থান নেয়। তারা এলাকায় ভীতিকর পরিস্থিতি তৈরি করতে চায়, তবে বিএনপি তা হতে দেবে না। আমরা দলীয়ভাবে আলোচনা করে পরবর্তী কঠোর কর্মসূচি ঘোষণা করব।”

হামলা বা অস্ত্র প্রদর্শনের অভিযোগ ভিত্তিহীন দাবি করে সাঁথিয়া উপজেলা জামায়াতের আমির আনিসুর রহমান বলেন, “ওখানে জামায়াতের প্রাতিষ্ঠানিক কোনো বড় জমায়েত ছিল না। স্থানীয় কিছু কর্মী-সমর্থক একত্রিত হয়ে রাতের বেলা বিএনপির মিছিল বন্ধের দাবি জানিয়েছিল। পরে পুলিশের আহ্বানে তারা সেখান থেকে সরে যায়। দেশীয় বা বিদেশি অস্ত্রের যে কথা বলা হচ্ছে, তা সম্পূর্ণ মিথ্যা।”

ঘটনার সত্যতা নিশ্চিত করে সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান জানান, মিছিলকে কেন্দ্র করে তিন মাথার মোড়ের দুই পাশে দুই পক্ষ মুখোমুখি অবস্থান নিয়েছিল। পুলিশ তাৎক্ষণিকভাবে মাঝখানে অবস্থান নিয়ে উভয় পক্ষকে শান্ত করে। পরবর্তীতে বিএনপি নেতাকর্মীরা সংক্ষিপ্ত মিছিল শেষে ফিরে যান। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং ঘটনাস্থল ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ