উপজেলা প্রতিনিধি, ঈশ্বরদী (পাবনা)
‘উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রথমবারের মতো পাবনার ঈশ্বরদীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন করা হয়েছে।
সোমবার (৬ জুলাই) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) ঈশ্বরদী উপজেলা কার্যালয়ের যৌথ আয়োজনে দিবসটি পালিত হয়।
এ উপলক্ষে সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পাবনা-৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক আবু তালেব মন্ডল। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হাসান মোহাম্মদ শোয়াইব।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের সাবেক উপ-পরিচালক নজরুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আকলিমা খাতুন, উপজেলা সমবায় কর্মকর্তা আকন্দ রাব্বিউল্লা মানিক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সেহাব উদ্দীন, ঈশ্বরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. সাইদুল ইসলাম, পৌর আমির মাওলানা গোলাম আজম খান, ঈশ্বরদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ মেহেদী হাসান, উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সমবায় সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা।
আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা পল্লী উন্নয়ন বোর্ড কর্মকর্তা রাজিবুল হাসান।
সভা শেষে সমবায় সংগঠনের ৫২ জন সদস্যের মাঝে মোট ২৫ লাখ ৪৫ হাজার টাকার ঋণ বিতরণ করা হয়। পাশাপাশি উপস্থিত সবার মাঝে একটি করে গাছের চারা বিতরণ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক আবু তালেব মন্ডল বলেন, “বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড শুধু ঋণ বিতরণকারী প্রতিষ্ঠান নয়, এটি গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করার অন্যতম চালিকাশক্তি। সংগঠিত জনগোষ্ঠীর মাধ্যমে প্রশিক্ষণ, সঞ্চয়, প্রযুক্তি ও উৎপাদনমুখী কার্যক্রম বাড়িয়ে আত্মনির্ভরশীল গ্রাম গড়ে তোলাই বিআরডিবির মূল লক্ষ্য।”
তিনি বলেন, “যারা আজ ঋণ গ্রহণ করছেন, তারা যেন এই অর্থ যথাযথভাবে কাজে লাগিয়ে নিজেদের ভাগ্যের পরিবর্তন ঘটান। ঋণের অর্থ অপচয় না করে উৎপাদনমুখী খাতে বিনিয়োগ করলে পরিবার যেমন স্বাবলম্বী হবে, তেমনি দেশের অর্থনীতিও আরও শক্তিশালী হবে।”
এমপি আবু তালেব মন্ডল আরও বলেন, “উন্নত পল্লী ছাড়া কখনোই উন্নত বাংলাদেশ গড়া সম্ভব নয়। কৃষি, সমবায় ও ক্ষুদ্র উদ্যোক্তাদের এগিয়ে নিতে সবাইকে একযোগে কাজ করতে হবে। সরকারের উন্নয়নের সুফল তৃণমূল মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে বিআরডিবির ভূমিকা আরও জোরদার করতে হবে।”
তিনি উপস্থিত সমবায় সদস্যদের সততা, পরিশ্রম ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে নিজেদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে এগিয়ে আসার আহ্বান জানান।