পাবনায় উদ্যোগী মানসিকতা গড়ে তুলতে স্কুল শিশুদের মাঝে ছাগল বিতরণ
পাবনা প্রতিনিধি
পাবনার বেড়া উপজেলায় স্কুল পড়ুয়া শিশু শিক্ষার্থীদের মধ্যে উদ্যোগী মানসিকতা গড়ে তুলতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে স্থানীয় বেসরকারি সংস্থা বিকে ফাউন্ডেশন।
সংস্থাটির উদ্যোগে শত শিশু শিক্ষার্থীদের ছাগল বিতরণের কর্মসূচি হাতে নিয়েছে সংস্থাটি।
শনিবার (২৫ এপ্রিল) দুপুরে বেড়ার দয়ালনগর বাহারুন্নেচ্ছা পাবলিক লাইব্রেরি ক্যাম্পাসে প্রথম দফায় ৪০ শিশুর হাতে ছাগল তুলে দেন অতিথিরা। এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পল্লীকর্ম সহায়ক ফাউন্ডেশনের ব্যবস্থাপক এএম ফরহাদুজ্জামান, বিকে ফাউন্ডেশনের সেক্রেটারি আবু সায়েম, রোটারি ক্লাব অব ঢাকার প্রেসিডেন্ট জসিম উদ্দিন, রোটারিয়ান আজাদুল হক, আইয়ুব আলী, আক্তাফুন্নেচ্ছা শীলা, তাজুল ইসলাম ও সুপণ্যের পরিচালক মিজানুর রহমান।
ছাগল বিতরণ শেষে বিকে ফাউন্ডেশনের চেয়ারম্যান এমএ বাতেন খান বলেন, আমাদের মুল স্লোগান ভালো থাকবো, ভালো রাখবো। গণ মানুষকে নিয়ে ভালো থাকাকেই আমরা ভালো থাকা বলে মনে করি। আগামী প্রজন্মের হাতে দেশ। এক্ষেত্রে আমরা তাদেরকে নিয়ে ভাবছি এবং কাজ করছি। কিন্তু সম্প্রতি দেখা যাচ্ছে শিশুরা পড়াশোনার পাশাপাশি মোবাইল, ইন্টারনেট ও গেমসে অতি আসক্ত হয়ে যাচ্ছে। এই অতি আসক্তি ভবিষ্যতের জন্য ভালো বার্তা নয়। এখান থেকে এই এলাকার শিশুদের বের করে উদ্যোগী মানসিকতা সৃষ্টি করতে তাদের মাঝে ছাগল বিতরণ করা হচ্ছে। যেনো তারা পড়াশোনার পাশাপাশি ছাগল পালনের মধ্য দিয়ে নিজেদের পড়াশোনার ব্যয় বহন করতে পারে এবং গবাদি পশুর প্রতি যত্নবান হতে পারেন।
তিনি বলেন, এই কর্মসূচির আওতায় কয়েক দফায় একশত শিক্ষার্থীকে ছাগল দেয়া হবে। আজকে প্রথম দফায় ৪০ জনের হাতে ছাগল তুলে দেয়া হয়েছে। ছাগল পালনের মধ্য দিয়ে উদ্যোক্তা হতে এই এলাকার আলোকিত প্রজন্মের শিক্ষার্থীরাই টিফিনের টাকা জমিয়ে চাঁদা দেয়া শুরু করে। এই সদিচ্ছা দেখে বিকে ফাউন্ডেশন তাদের পাশে দাঁড়িয়েছে।