চাটমোহর (পাবনা):
দেশে জ্বালানি তেলের কৃত্রিম সংকট প্রতিরোধে অবৈধ মজুতদারদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে সরকার। এর অংশ হিসেবে মাঠপর্যায়ে শুরু হয়েছে সাঁড়াশি অভিযান।
এরই ধারাবাহিকতায় শনিবার (২৮ মার্চ) দুপুরে পাবনার চাটমোহর উপজেলার হান্ডিয়াল বাজারে অভিযান পরিচালনা করে চাটমোহর থানা পুলিশ। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে স্থানীয় ব্যবসায়ী বুলবুল খোন্দকার ও মিন্টু খোন্দকারের দোকানে তল্লাশি চালানো হয়।
অভিযানকালে পেট্রোল ও অকটেনের কোনো মজুত পাওয়া না গেলেও ডিজেল মজুদ রয়েছে বলে জানা গেছে।
অভিযানে উপস্থিত ছিলেন চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার হোসেন এবং হান্ডিয়াল পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আতিকুর রহমানসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
চাটমোহর থানার ওসি গোলাম সারোয়ার হোসেন বলেন, “গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়েছে। জ্বালানি খাতে শৃঙ্খলা বজায় রাখা, সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখা এবং অবৈধ মজুত প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে কিছু অসাধু ব্যবসায়ী জ্বালানি তেল মজুত করে কৃত্রিম সংকট তৈরি করে অতিরিক্ত দামে বিক্রি করছিলেন। প্রশাসনের এ উদ্যোগে স্বস্তি প্রকাশ করেছেন তারা।
জ্বালানি তেলের বাজার স্থিতিশীল রাখতে এবং সাধারণ ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান আরও জোরদার করার দাবি জানিয়েছেন সচেতন মহল।