উল্লাপাড়ায় (সিরাজগঞ্জ) প্রতিনিধি :
সরকারি নীতিমালার শর্ত ভঙ্গ করে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার উধুনিয়া ইউনিয়নে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) ডিলার নিয়োগ নিয়ে অনিয়মের অভিযোগ উঠেছে।
স্থানীয় উধুনিয়া ইউনিয়নের ক্ষুদ্র ব্যবসায়ীদের বাদ দিয়ে অন্য ইউনিয়নের ব্যবসায়ীকে ডিলারশিপের অনুমোদন দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয় মেসার্স এনসাফ ট্রের্ডাস এর প্রোপাইটার মোঃ লতিফ প্রামানিক। এ ব্যাপারে তিনি রবিবার সকালে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এর চেয়ারম্যান বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
তিনি অভিযোগে বলেন, উধুনিয়া ইউনিয়নের স্থায়ীয় বাসিন্দা ও ব্যবসায়ী হিসেবে মেসার্স এনসাফ ট্রেডার্স, প্রোপাইটার আমি মোঃ লতিফ প্রামানিক, ডিলার নিয়োগের আবেদন করি। যার আইডি নং ১৮৪১৪। আবেদনে আমি সকল শর্ত পুরণ করি এবং ইউনিয়নের গজাইল বাজারে আমার নিজস্ব ক্ষুদ্র ব্যবসা ও বৈধ গোডাউন রয়েছে। এছাড়াও ১৮ টি আবেদন পড়ে আপনার দপ্তরে। অথচ বৈধ আবেদনকে বাদ রেখে পার্শ্ববর্তী পূর্ণিমাগাঁতী ইউনিয়নের অবৈধ আবেদনকারী মেসার্স আদিয়ত স্টোরের প্রোপাইটার মোঃ আশরাফুল ইসলামকে ইউনিয়নের টিসিবি পণ্যের ডিলার নিয়োগ করা হয়েছে।
তিনি আরও বলেন, অসাধু ব্যক্তিদের মোটা অংকের টাকা প্রদান করে টিসিবি পণ্যের ডিলার নিয়োগ পেয়েছেন তিনি। কর্তৃপক্ষের নিকট জোর দাবি এই অবৈধ নিয়োগ বাতিল করে পুনরায় তদন্ত করে স্থানীয় বৈধ আবেদনকারীদের নিয়োগ দেওয়া হোক।
এ ব্যাপারে নিয়োগ পাওয়া ডিলার মোঃ আশরাফুল ইসলামের মুঠোফোনে যোগাযোগ করলে তাকে পাওয়া যায়নি।
এ ব্যাপারে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এর প্রধান কার্যালয়ের অতিরিক্ত পরিচালক মোঃ আনিছুর রহমান জানান, এ বিষয়ে অভিযোগ পেলে তদন্ত করে পুনরায় ব্যবস্থা গ্রহণ করা হবে।