সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের সাথে থাকার জন্য আপনাকে অভিনন্দন : আপনার এলাকার উন্নয়ন অনিয়ম, অপরাধ, শিক্ষা শিল্প- সংস্কৃতি , ইতিহাস- ঐহিত্য , অবহেলা-অবিচারসহ প্রয়োজনীয় সঠিক তথ্য টিত্র পাঠান। আমরা যাচাই-বাছাই করে তাহা গুরুত্বসহকারে প্রচার করব।  

চাটমোহরে সন্ধানী যুব সমিতির অনিয়মের অভিযোগে মানববন্ধন

বিশেষ প্রতিনিধি : / ৭৯ ১৩৫ বার পড়া হয়েছে :
প্রকাশের সময় : রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

বিশেষ প্রতিনিধি :

পাবনার চাটমোহর উপজেলার জাদুরিস মোড়ে সন্ধানী যুব সমিতির কথিত অনিয়মের তদন্ত, আর্থিক হিসাব প্রকাশ, মেয়াদোত্তীর্ণ কমিটি বাতিল এবং সাধারণ সদস্যদের মতামতের ভিত্তিতে নতুন কমিটি গঠনের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী ও সমিতির সদস্যপদ থেকে বঞ্চিত ব্যক্তিরা।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, দীর্ঘ প্রায় ১৭ বছর ধরে সমিতির কার্যক্রম, আয়-ব্যয়ের হিসাব ও ক্লাবের সম্পদ ব্যবস্থাপনা নিয়ে নানা প্রশ্ন রয়েছে। এসব বিষয়ে স্বচ্ছতা নিশ্চিত করতে সমিতির পূর্ণাঙ্গ আর্থিক হিসাব প্রকাশ এবং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত চিত্র তুলে ধরার দাবি জানান তাঁরা।

বক্তারা অভিযোগ করেন, সাধারণ সদস্যদের মতামত ও অংশগ্রহণ নিশ্চিত না করেই নতুন কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হচ্ছে। এতে সংগঠনের গণতান্ত্রিক পরিবেশ ও সাধারণ সদস্যদের অধিকার ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা রয়েছে। তাঁরা বলেন, কোনো ব্যক্তি বা গোষ্ঠীর একক নিয়ন্ত্রণে নয়, বরং সাধারণ সদস্যদের মতামত ও অংশগ্রহণের ভিত্তিতে সমিতি পরিচালিত হওয়া উচিত।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা আরও অভিযোগ করেন, আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট কিছু ব্যক্তি সমিতিকে ব্যবহার করে এলাকায় রাজনৈতিক প্রভাব বজায় রাখার চেষ্টা করছেন। এ ছাড়া আওয়ামী লীগের প্রায় ১৭ বছরের শাসনামলে বিএনপি পরিবারের সন্তানদের সমিতির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়নি বলেও অভিযোগ তোলেন তাঁরা। এসব অভিযোগের নিরপেক্ষ তদন্ত, নতুন সদস্য ভর্তি কার্যক্রম সবার জন্য উন্মুক্ত করা এবং রাজনৈতিক পরিচয় নির্বিশেষে যোগ্য ও আগ্রহী যুবকদের সদস্য হওয়ার সুযোগ নিশ্চিত করার দাবি জানান অংশগ্রহণকারীরা।

বক্তারা বলেন, যুবসমাজের কল্যাণে প্রতিষ্ঠিত একটি সংগঠনের কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহি ও নিরপেক্ষতা থাকা জরুরি। সমিতির আয়-ব্যয়ের হিসাব নিরীক্ষা, সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা এবং সাধারণ সদস্যদের মতামতকে গুরুত্ব দিয়ে একটি গ্রহণযোগ্য কমিটি গঠন করতে হবে।

মানববন্ধন থেকে মেয়াদোত্তীর্ণ কমিটি বাতিল, সমিতির আর্থিক হিসাব নিরীক্ষা, অনিয়মের অভিযোগ তদন্ত, ক্লাবের সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করা, নতুন সদস্য ভর্তি কার্যক্রম উন্মুক্ত করা এবং সাধারণ সদস্যদের মতামতের ভিত্তিতে স্বচ্ছ ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় নতুন কমিটি গঠনের দাবি জানানো হয়। একই সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগগুলো গুরুত্বসহকারে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তাঁরা।

মানববন্ধনে উপস্থিত ছিলেন চাটমোহর পৌর বিএনপির সাবেক সভাপতি ও সংরক্ষিত আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমার চাটমোহরের প্রতিনিধি এ এম জাকারিয়া; চাটমোহর পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মনিরুদ্দিন মনি; চাটমোহর ব্যবসায়ী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমার চাটমোহর পৌর শাখার প্রতিনিধি মো. মোতালেব; চাটমোহর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও বিলচলন ইউনিয়ন যুবদলের সভাপতি মো. মোজাম্মেল; চাটমোহর পৌরসভার ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি হাফেজ আব্দুল বাতেন; একই ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ ফজলু; বিশিষ্ট বিএনপি নেতা মোহাম্মদ আরমান; ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ সাব্বান; বিলচলন ইউনিয়ন কৃষক দলের সভাপতি মো. নজরুল; বিলচলন ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি আলহেলাল ও সাধারণ সম্পাদক মো. হাসেম; বিলচলন ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. আলিফ; সন্ধানী যুব সমিতির জ্যেষ্ঠ সদস্য মো. সবুজ; চাটমোহর পৌরসভার ১ নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক নূর বিজলী রাব্বি; এআইইউবির ছাত্রদলের সহসভাপতি এ এম ফজলুল করিম; কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. ইমাম এবং ছাত্রদল নেতা আরাফাত ও রবিনসহ ক্লাবের সদস্যপদ থেকে বঞ্চিত ব্যক্তিরা।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা সন্ধানী যুব সমিতির কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করে সংগঠনটিকে এলাকার যুবসমাজের কল্যাণে পরিচালনার দাবি জানান। তাঁরা আশা প্রকাশ করেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অভিযোগগুলো নিরপেক্ষভাবে যাচাই করে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ