বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
নোটিশ :
আমাদের সাথে থাকার জন্য আপনাকে অভিনন্দন : আপনার এলাকার উন্নয়ন অনিয়ম, অপরাধ, শিক্ষা শিল্প- সংস্কৃতি , ইতিহাস- ঐহিত্য , অবহেলা-অবিচারসহ প্রয়োজনীয় সঠিক তথ্য টিত্র পাঠান। আমরা যাচাই-বাছাই করে তাহা গুরুত্বসহকারে প্রচার করব।  

হেমায়েতপুরে পোশাক কারখানায় তাণ্ডব, বিস্ফোরক মামলায় গ্রেপ্তার ৪

রিপোটারের নাম : / ২ ১৩৫ বার পড়া হয়েছে :
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬

সাভার (ঢাকা) প্রতিনিধি

শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে সাভারের হেমায়েতপুর পদ্মার মোড় এলাকায় অবস্থিত একটি তৈরি পোশাক কারখানায় হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে বিস্ফোরক আইনে মামলা করা হয়েছে। এ কে এইচ স্টিচ আর্ট লিমিটেড নামক কারখানাটির পক্ষ থেকে করা এ মামলায় চারজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৫০০ থেকে ৬০০ জনকে আসামি করা হয়েছে। মামলায় কারখানায় ককটেল বিস্ফোরণ, কর্মকর্তা-কর্মচারীদের মারধর, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ আনা হয়েছে। এ ঘটনায় চার পোশাক শ্রমিককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার রাতে এ কে এইচ স্টিচ আর্ট লিমিটেড
কারখানার অ্যাডমিন ও মানবসম্পদ (এইচআর) বিভাগের ব্যবস্থাপক মোঃ নুরুল আমিন বাদী হয়ে সাভার মডেল থানায় মামলাটি দায়ের করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, হামলাকারীরা পরস্পর যোগসাজশে অপরাধমূলক ষড়যন্ত্র করে বেআইনিভাবে সংঘবদ্ধ হন। তাঁরা কারখানায় অনধিকার প্রবেশ করে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দাঙ্গা-হাঙ্গামা সৃষ্টি করেন। এ সময় কারখানার কর্মকর্তা-কর্মচারীদের হত্যার উদ্দেশ্যে মারধর করে গুরুতর রক্তাক্ত জখম করার পাশাপাশি কারখানায় ব্যাপক ভাঙচুর, মালামাল চুরি এবং কর্মকর্তা-কর্মচারীদের ভয়ভীতি ও হুমকি দেওয়ার অভিযোগও উঠেছে।

এজাহারে কারখানাটির ৮২ লাখ টাকার মালামাল ভাঙচুর এবং ১০ লাখ টাকার মালামাল লুটের অভিযোগ উল্লেখ করা হয়েছে। সব মিলিয়ে হামলা ও লুটপাটের ঘটনায় প্রায় ৯২ লাখ টাকার ক্ষয়ক্ষতির দাবি করেছে কারখানা কর্তৃপক্ষ।

সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোঃ মোশাররফ হোসেন মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, বুধবার সকাল সাড়ে ৯ টার দিকে বহিরাগত শ্রমিকেরা এ কে এইচ স্টিচ আর্ট লিমিটেডে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে। এ সময় হামলাকারীরা কারখানার কর্মীদের মারধর করলে কারখানার নিরাপত্তারক্ষীরা চারজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। গ্রেপ্তার ব্যক্তিরা সবাই পোশাক শ্রমিক এবং তাঁদের এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

এদিকে শ্রমিকদের আন্দোলনকে কেন্দ্র করে শিল্পাঞ্চলে উত্তেজনার মধ্যে এ হামলা ও মামলার ঘটনা নতুন করে উদ্বেগ তৈরি করেছে। তবে হামলার পেছনের কারণ, জড়িত ব্যক্তিদের পরিচয় এবং ঘটনার সঙ্গে চলমান শ্রমিক আন্দোলনের সংশ্লিষ্টতা তদন্ত করে দেখছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ