পাবনা প্রতিনিধি
পাবনায় ৫শ ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণের পর এবার ৩শ নিম্নবিত্তের মাঝে রমজানের নিত্যপণ্য ও ইফতার সামগ্রী বিতর করা হয়েছে। সোমবার (২ মার্চ) সকালে এবি ট্রাস্টের উদ্যোগ ও তুরস্কের অর্থায়নে পাবনা শহরের কুঠিপাড়া আলহাজ্ব আহেদ আলী বিশ্বাস কলেজ মাঠে সুবিধাভোগীদের হাতে এসব সামগ্রী তুলে দেয়া হয়।
এবি ট্রাস্টের চেয়ারম্যান ও পাবনা সদর আসনের সংসদ সদস্য এড. শিমুল বিশ্বাসের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনার জেলা প্রশাসক শাহেদ মোস্তফা, তুরস্কের দাতব্য সংস্থা টিকার সমন্বয়কারী মোহাম্মদ আলী ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তামারা তাসবিহা। এছাড়া জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম ও সাংবাদিক আখিনুর ইসলাম রেমন সহ অন্যান্য গগণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।
বিতরণের আগে পবিত্র রমজান মাসে এতোগুলা নিম্নবিত্ত মানুষের পাশে থাকার সুযোগ করে দেবার জন্য শিমুল বিশ্বাস সহ সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান তুরস্কের টিকার সমন্বয়কারী মোহাম্মদ আলী৷ এসময় বিভিন্নভাবে দেশ তথা পাবনার মানুষের পাশে থাকার প্রয়াসও ব্যক্ত করেন তিনি।
তুরস্ককে ধন্যবাদ জানিয়ে শিমুল বিশ্বাস জানান, আমার রাজনীতির উদ্দেশ্য ক্ষমতা চর্চা নয়। ভাগ্যহত মানুষের জন্য কাজ করা৷ সেই প্রয়াস থেকেই এর ওর থেকে চেয়ে চিনতে এনে মানুষের পাশে থাকার চেষ্টা করি। এবারে তুরস্কের সহযোগিতায় এই মানুষদের জন্য রমজানের নিত্যপণ্য ও ইফতার সামগ্রী দেয়া হচ্ছে। আশা করছি দুর্মূল্যের বাজারে এটি সুবিধাভোগীদের কিছুটা হলেও উপকারে আসবে। ফ্যামিলি কার্ড নিয়ে পাবনায় কার্যক্রম শুরু নাহলেও একটি মহল গুজব ছড়াচ্ছেন জানিয়ে গুজব থেকে সতর্ক থাকার আহ্বানও জানান এমপি শিমুল বিশ্বাস।
এদিকে খেজুর, ছোলা, চিনি ও তেল সহ প্রায় ২০ কেজির উপহার সামগ্রী পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন সুবিধাভোগীরা। তারা জানান, এই দুর্মূল্যের বাজারে ঈদের পূর্ব মুহুর্তে এধরণের সহযোগিতা পেয়ে খুশি হয়েছেন তারা।