উপজেলা প্রতিনিধি, চাটমোহর (পাবনা:
পাবনার চাটমোহর উপজেলায় হাটবাজার ইজারার টেন্ডার শিডিউল দাখিলকে কেন্দ্র করে জামায়াত ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উপজেলা জামায়াতের সেক্রেটারি হাবিবুর রহমান হাবিব, পৌর সেক্রেটারি সাদ্দাম হোসেনসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ১টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের সামনে পুলিশের উপস্থিতিতেই এ ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী উপস্থিত থাকলেও হামলাকারীদের কার্যকরভাবে প্রতিহত করতে দেখা যায়নি।
যা জানা গেছে :
ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, উপজেলা পরিষদের ডাকা হাটবাজার ইজারার টেন্ডার শিডিউল দাখিলের শেষ দিন ছিল বৃহস্পতিবার। একই দিন বিকেল ৩টায় টেন্ডার বাক্স খোলার সময় নির্ধারিত ছিল।
দুপুরে ছাইকোলা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি আওরঙ্গজেব ছাইকোলা হাটের টেন্ডার শিডিউল জমা দিতে ইউএনও কার্যালয়ে যান। তিনি নির্ধারিত বাক্সে শিডিউল দাখিল করার পর আশপাশে অবস্থানরত বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে বাকবিতণ্ডা শুরু হয়, যা একপর্যায়ে হাতাহাতিতে রূপ নেয় বলে অভিযোগ।
এ সময় উপস্থিত আনসার সদস্য ও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
কিছুক্ষণ পর ব্যক্তিগত কাজে ইউএনও কার্যালয় থেকে বের হওয়ার সময় উপজেলা জামায়াতের সেক্রেটারি হাবিবুর রহমানের ওপরও হামলা চালানো হয় বলে অভিযোগ করেন তিনি। তার দাবি, ‘আমি টেন্ডার সংক্রান্ত কোনো কাজে আসিনি। ইউএনও সাহেবের সঙ্গে এলাকার একটি সমস্যা নিয়ে কথা বলতে এসেছিলাম। বের হওয়ার সঙ্গে সঙ্গে আমাকে লক্ষ্য করে হামলা করা হয়।’
ঘটনায় তিনি, পৌর জামায়াতের সেক্রেটারি সাদ্দাম হোসেনসহ কয়েকজন আহত হন।
অভিযুক্তদের বক্তব্য :
মুলগ্রাম ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি লিখন বিশ্বাস বলেন, ‘আমরা শিডিউল দাখিলের শেষ সময় জানতে গিয়েছিলাম। গিয়ে দেখি ঝামেলা হচ্ছে। কার সঙ্গে কী নিয়ে হয়েছে, জানতাম না। হামলার সঙ্গে আমি জড়িত নই।’
চাটমোহর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ জিয়ারুল হক সিন্টু বলেন, ‘উদ্ভূত পরিস্থিতিতে আমি হাবিব ভাইকে নিরাপদ স্থানে নিয়ে
আসি। ঘটনাটি অনাকাঙ্ক্ষিত।’
প্রশাসনের প্রতিক্রিয়া :
চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুসা নাসের চৌধুরী বলেন, ‘ঘটনা ঘটেছে, যা ফৌজদারি অপরাধের মধ্যে পড়ে। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ মোতায়েন ছিল। বিষয়টি তদন্তসাপেক্ষ।’
চাটমোহর থানার ওসি গোলাম সারওয়ার হোসেন জানান, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সংবাদ সম্মেলনে বিচার দাবি :
বিকেলে পাবনা-৩ (চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুর) আসনের জামায়াতের সংসদ সদস্য মাওলানা আলী আছগার সংবাদ সম্মেলন করে হামলার ঘটনার তীব্র নিন্দা জানান এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।
সংবাদ সম্মেলনে উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল হামিদসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ ঘটনায় এলাকায় রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে বলে জানা গেছে।