মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের সাথে থাকার জন্য আপনাকে অভিনন্দন : আপনার এলাকার উন্নয়ন অনিয়ম, অপরাধ, শিক্ষা শিল্প- সংস্কৃতি , ইতিহাস- ঐহিত্য , অবহেলা-অবিচারসহ প্রয়োজনীয় সঠিক তথ্য টিত্র পাঠান। আমরা যাচাই-বাছাই করে তাহা গুরুত্বসহকারে প্রচার করব।  

সরকার গঠনের একমাস পূর্ণ না হতেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করছে বিএনপি : প্রতিমন্ত্রী পুতুল

রিপোটারের নাম : / ৫ ১৩৫ বার পড়া হয়েছে :
প্রকাশের সময় : সোমবার, ১৬ মার্চ, ২০২৬

পাবনা প্রতিনিধি
সরকার গঠনের একমাস পূর্ণ হবার আগেই ত্রয়োদশ সংসদ নির্বাচনে দেশের মানুষকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করছে বিএনপি সরকার। সোমবার (১৬ মার্চ) দুপুরে পাবনার পদ্মকোল খাল খনন কর্মসূচি উদ্বোধন অনুষ্ঠানে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল একথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, অত্যন্ত ক্রান্তিলগ্নে আমরা দেশের দায়িত্ব পেয়েছি। সরকার গঠনের একমাসও পূর্ণ হয়নি। তবুও এরই মধ্যে বিএনপি সরকার দেশের মানুষকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে। ফ্যামিলি কার্ড বিতরণ, মসজিদ মন্দিরের ইমাম পুরোহিতদের সম্মানি ভাতা ও কৃষি ঋণ মওকুফের মত উদ্যোগ আমরা ইতোমধ্যে বাস্তবায়ন শুরু করেছি।
তিনি বলেন, কৃষি ও কৃষক আমাদের অর্থনীতির মুল চালিকা শক্তি। সেই কৃষি উৎপাদন বৃদ্ধি সহ জীবনমান উন্নয়নের জন্য শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এক সময় খাল থেকে সেচ ব্যবস্থার প্রবর্তন করেছিলেন। তার সুযোগ্য পুত্র তারেক রহমান এবার খননের মাধ্যেমে খালকে পুনর্জীবন দিয়ে সেচ ব্যবস্থাকে আরো উন্নত করতে উদ্যোগ নিয়েছেন। এ উদ্যোগের আওতায় সারাদেশে ৫৪ টি খাল খনন কর্মসূচির আজ উদ্বোধন হচ্ছে। মরে যাওয়া খালগুলো পানিপ্রবাহ ফিরে পেলে যেমন কৃষি উৎপাদন বাড়বে, তেমনই গ্রামীণ জনগণের কর্মসংস্থান সৃষ্টি করবে বলে মনে করা হচ্ছে। এর ফলে ভূ-উপরিস্থ পানির পরিমাণ বৃদ্ধি পেয়ে ভূগর্ভস্থ পানির ওপর নির্ভরতা কমবে, যা খরা, বন্যা ও জলাবদ্ধতা কমাতে সহায়ক হবে বলেও জানান এ প্রতিমন্ত্রী।

বিশেষ অতিথির বক্তব্যে পাবনা সদর আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় শ্রমিকদলের প্রধান সমন্বয়ক এড. শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেন, কৃষি উৎপাদন বৃদ্ধি ও স্বাভাবিক জীবন যাপনের জন্য মরে যাওয়া নালা খালগুলো খনন করে জীবন ফিরিয়ে দেয়া অত্যন্ত প্রয়োজন। তাই সারাদেশের মত পাবনায় এই খাল খননের উদ্যোগ নেয়া হয়েছে। সংশ্লিষ্টরা খেয়াল রাখবেন, শতভাগ স্বচ্ছতার সাথে যেনো খাল খনন সম্পন্ন হয়৷ এসময় উন্নয়ন বঞ্চিত পাবনার উন্নয়নে সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন পুতুলের সুদৃষ্টি কামনা করেন তিনি।

জেলা প্রশাসক ড. শাহেদ মোস্তফার সভাপতিত্বে খাল খনন উদ্বোধন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, পাবনা ২ আসনের সংসদ সদস্য সেলিম রেজা হাবিব, পুলিশ সুপার আনোয়ার জাহিদ, জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, সদস্য সচিব এড. মাসুদ খন্দকার, পাবনা পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী সুধাংশু কুমার সরকার, পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার ও সেক্রেটারি জহুরুল ইসলাম সহ অনেকেই।

প্রসঙ্গত, পাবনার হেমায়েতপুর ইউনিয়নের নাজিরপুর থেকে মন্ডলমোড় পর্যন্ত ৪ কিলোমিটার এই খালটি পাবনা শহরের মধ্য দিয়ে বয়ে যাওয়া ইছামতী নদীতে গিয়ে মিশেছে। ৬ ফুট গভীর ও গড় ৪০ ফুট প্রশস্ত করে খালটি খনন কাজ শুরু হচ্ছে। এই খালটি পূর্ণ খনন হলে পদ্মা থেকে ইছামতীতে পানি প্রবাহ স্বাভাবিক হবে। খালের পাশ্ববর্তী হেমায়েতপুর ইউনিয়নের জমিগুলো সহজেই সেচ সুবিধা পাবে। এই কর্মসূচির আওতায় এটি ছাড়াও পাবনায় ১০৬ টি খাল খননের পরিকল্পনা রয়েছে বলে জানায় পানি উন্নয়ন বোর্ড।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ