সংরক্ষিত নারী আসনের এমপি হিসেবে আলোচনায় অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা
জাকির সেলিম :
জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সম্ভাব্য প্রার্থী হিসেবে সামনে আসছে অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমার নাম। দলীয় অঙ্গনসহ রাজনৈতিক মহলে তার মনোনয়নকে ঘিরে আলোচনা ও আগ্রহ ক্রমেই বাড়ছে।
দীর্ঘদিন ধরে আইন পেশা ও সক্রিয় রাজনীতির সঙ্গে যুক্ত রুমা বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ঢাকা মহানগর দক্ষিণ শাখার একজন দায়িত্বশীল সদস্য হিসেবে কাজ করছেন। ছাত্রজীবন থেকেই তার রাজনৈতিক পথচলা শুরু।
তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। মাঠপর্যায়ে সাংগঠনিক তৎপরতা, আন্দোলন-সংগ্রাম এবং সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে তৃণমূল নেতাকর্মীদের কাছে নিজস্ব অবস্থান তৈরি করেছেন তিনি।
দলীয় সূত্রে জানা যায়, আন্দোলনমুখী রাজনীতিতে সক্রিয় ভূমিকার কারণে অতীতে তার বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে এবং ২০১৮ সালে তাকে কারাবরণও করতে হয়। প্রতিকূল রাজনৈতিক পরিবেশেও দলীয় কর্মকাণ্ডে অবিচল থাকার কারণে সমর্থকদের কাছে তিনি ‘পরীক্ষিত নেতা’ হিসেবে বিবেচিত।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, পেশাজীবী ও শিক্ষিত নারী নেতৃত্বকে জাতীয় সংসদে আরও কার্যকরভাবে সম্পৃক্ত করার চিন্তা থেকেই সংরক্ষিত নারী আসনের জন্য তার নাম গুরুত্ব পাচ্ছে। বিশেষ করে নারী অধিকার, আইনি সহায়তা এবং সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় তার অভিজ্ঞতা সংসদে ইতিবাচক ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
যদিও এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবুও সম্ভাব্য এমপি হিসেবে অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমার নাম আলোচনায় আসায় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক কৌতূহল ও প্রত্যাশা তৈরি হয়েছে। দলীয় সিদ্ধান্তের দিকে এখন তাকিয়ে আছেন নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষী।