উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ এ সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনের ভোট গণনায় অনিয়মের অভিযোগ তুলে ফলাফল স্থগিত এবং ভোট পুনঃগণনার আবেদন জানিয়েছেন বিএনপি দলীয় প্রার্থী এম আকবর আলী। শুক্রবার তিনি জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার এবং বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি) বরাবর লিখিত আবেদন দায়ের করেছেন।
তিনি আবেদনে উল্লেখ করেন, ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে সংশ্লিষ্ট আসনের ভোটগ্রহণ ও ফলাফল ঘোষণার পর প্রাপ্ত তথ্য বিশ্লেষণে বিভিন্ন কেন্দ্রের ভোট গণনায় অসংগতি ও অনিয়মের বিষয় প্রতীয়মান হয়েছে।
অভিযোগে বলা হয়েছে, বেশ কয়েকটি কেন্দ্রে ভোট গণনার ফলাফল ও ফরম-১৬ এর তথ্যের মধ্যে অসামঞ্জস্য রয়েছে। এছাড়া বাতিল ভোটের সংখ্যা অস্বাভাবিকভাবে বেশি বা পরিবর্তিত হয়েছে বলে দাবি করেন তিনি। অনেক কেন্দ্রে পোলিং এজেন্টদের সামনে ফলাফল সম্পূর্ণভাবে লিপিবদ্ধ না করেই ফরম-১৬ এ স্বাক্ষর নেওয়ার অভিযোগও তোলা হয়েছে।
এছাড়া কয়েকটি কেন্দ্রে এজেন্টদের উপস্থিতি থাকা সত্ত্বেও যথাযথভাবে ফলাফল উপস্থাপন করা হয়নি বলেও অভিযোগে উল্লেখ করা হয়। কেন্দ্রভিত্তিক ভোটের হিসাব এবং মোট প্রাপ্ত ফলাফলে গরমিল রয়েছে বলেও দাবি জানান প্রার্থী।
আবেদনে এম আকবর আলী আরও বলেন, ভোটারদের প্রদত্ত ভোটের সঠিক প্রতিফলন নিশ্চিত করতে সংশ্লিষ্ট কেন্দ্রগুলোর ভোট পুনঃগণনা করা জরুরি। পাশাপাশি পুনঃগণনা সম্পন্ন না হওয়া পর্যন্ত বেসরকারি ফলাফল স্থগিত রেখে সরকারি ফলাফল ঘোষণা না করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
এই আসনে বিএনপি প্রার্থী এম আকবর আলী প্রাপ্ত ভোট ১ লাখ ৬০ হাজার ৪৫৮। অপরদিকে দাঁড়িপাল্লা প্রতীকের জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা রফিকুল ইসলাম খাঁন প্রাপ্ত ভোট ১ লাখ ৫৯ হাজার ৬৯৩। এতে এম আকবর আলী ৭৬৫ ভোটে এগিয়ে ছিলেন। পোস্টাল ব্যালট ভোটের ফলাফল যোগ হলে চিত্র পাল্টে যায়। পোস্টাল ভোট যোগ করে জামায়াত প্রার্থী মাওলানা রফিকুল ইসলাম খাঁন মোট পেয়েছেন ১ লাখ ৬১ হাজার ৫৭২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী এম আকবর আলী পেয়েছেন ১ লাখ ৬১ হাজার ২৭৮ ভোট। এতে মাওলানা রফিকুল ইসলাম খাঁন ৫৯৪ ভোটের ব্যবধানে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বলে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আমিনুল ইসলাম ঘোষণা করেন।
এ বিষয়ে সিরাজগঞ্জ জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন সিরাজগঞ্জ ৪ উল্লাপাড়া আসনের ফলাফল ঘোষণা করা হয়েছে, এটা রিটার্নীং কর্মকর্তার কার্যালয় থেকে স্থগিত হওয়ার সম্ভবনা নেই, তিনি বিএনপি প্রার্থী এম আকবর আলীর আবেদনটি প্রধান নির্বাচন কমিশনারের কাছে পাঠিয়ে দিয়েছেন বলে জানান।